কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্যে বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩টি শিশু রয়েছে। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি সদস্যরা।

টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, “প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবু কেউ চিকিৎসা, কেউ দিনমজুরি বা মাছ ধরার জন্য বাইরে বের হন। বিজিবি তাদের আটক করে আবার ক্যাম্পে ফিরিয়ে দেয়।”

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “কাজের উদ্দেশ্যে ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গাদের আটক করে তাদের মাঝিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

চলমান মানবিক সংকটের মধ্যে রোহিঙ্গাদের ক্রমবর্ধমান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্প্রতি তৎপরতা বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।