কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করার সময় এক দালাল এবং দুই বাংলাদেশি নাগরিকসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।
সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর একটি দল এ অভিযান চালায় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তবে আটক দালালের নাম ও পরিচয় জানা না গেলেও তিনি রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দেন তিনি।
গিয়াস উদ্দিন বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পায় নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলের ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২ জন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী এবং শিশুসহ ১১ জন পুরুষ। 
আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

-পার্বত্য সময়