কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৯০ কেজি ওজনের একটি বিশাল ভোল মাছ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘোলার চর এলাকায় মাছটি ধরা পড়ে।
শাহপরীর দ্বীপের কোনা পাড়ার বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে মাছটি ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান।
তিনি জানান, সকালে নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলেন। প্রায় এক ঘণ্টা পর জাল টানতে গেলে দেখা যায়, ছোট ছোট মাছের সঙ্গে বিশাল আকৃতির এই ভোল মাছটি আটকে গেছে। পরে জেলেরা মাছটি রশি বেঁধে টেনে চরের ওপরে তুলে আনেন এবং স্থানীয়দের সহযোগিতায় শাহপরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে যান।
মাঝি নুর মোহাম্মদ জানান, বিশাল আকৃতির এই ভোল মাছটি প্রথমে ৩ লাখ টাকা হাঁকা হলেও শেষ পর্যন্ত স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী নুরুল আলম বলেন, "শাহপরীর দ্বীপে এই প্রথম এত বড় ভোল মাছ ধরা পড়েছে। গত বছর একই সময় সেন্টমার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল।"
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, স্থানীয়ভাবে 'ভোল মাছ' নামে পরিচিত হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস। এটি একটি বিরল প্রজাতির মাছ, যা সাধারণত শীত মৌসুমে ধরা পড়ে। তবে এত বড় ভোল মাছ সচরাচর জালে ধরা পড়ে না।
তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মানার ফলে মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে বড় মাছ ধরা পড়লে জেলেরা যেমন ভালো দাম পাচ্ছেন, তেমনি স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

-পার্বত্য সময়