কক্সবাজারে ইয়াবা পাচারের একটি মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুতুপালং ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব ওরফে তৈয়ব। মামলার অপর আসামি রামুর রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাইক্রোবাসসহ ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করে এবং পাঁচজনকে আটক করে। এরপর রামু থানায় ডিবির পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের সেপ্টেম্বরে মামলার অভিযোগপত্র দাখিল হলে আদালত বিচার শুরু করে।
বিচার চলাকালে পাঁচজনই বিভিন্ন সময় জামিনে মুক্ত হন এবং পরবর্তীতে চারজন পলাতক হয়ে যান। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও দণ্ডপ্রাপ্ত চারজনই অনুপস্থিত ছিলেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দুইজনকে মৃত্যুদণ্ড, দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন এবং একজনকে খালাস প্রদান করেন।


