ভারতে পাচারের উদ্দেশ্যে দুই রোহিঙ্গা নারীকে সাতক্ষীরার শ্যামনগরে আটক করেছে বিজিবি। এছাড়াও আব্দুল্লা তরফদার (৪২) নামের এক অভিযুক্ত পাচারকারীকে আটক করা হয়। তিনি রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মাস্টারপাড়া এলাকার আকবর তরফদারের ছেলে।
রোববার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন কালিঞ্চি গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত দুই রোহিঙ্গা নারী হলেন— সাজিদা বেগম (১৯) ও হাজরা বেগম (২১)। আটক সাজিদা কক্সবাজারের টেকনাফের বাঁশনল ক্যাম্পের বাসিন্দা। আর হাজরা বেগম কক্সবাজার সদরের ১৮ নম্বর ক্যাম্পের সদস্য।
এ ব্যাপারে কৈখালী রিভারাইন বর্ডার গার্ড (আরবিজিবি) কম্পানি বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. লিয়াকত আলী মোল্লা বলেন, ভারতে পাচারের জন্য আটক দুই রোহিঙ্গা নারীকে তিনদিন ধরে নিজ বাড়িতে লুকিয়ে রাখেন আব্দুল্লাহ। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ ও তার লোকজন নদীপথে রোহিঙ্গা নর-নারীদের ভারতে পাচার করছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। মোটা অঙ্কের টাকায় চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে পাচার করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহর বাড়ি ঘেরাও করে রাখা হয়। এরপর রোববার ভোর রাতে ভারতে পাচারের আগ মুহূর্তে পাচার চক্রের প্রধান আব্দুল্লাহসহ রোহিঙ্গা দুই নারীকে আটক করা হয়। দুই নারী ও অভিযুক্ত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিজিবির সদস্যরা রোহিঙ্গা দুই নারীসহ পাচারকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি পদেক্ষপ নেওয়া হবে।

-পার্বত্য সময়