দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম টমেন খীসা (৩৯)। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইএ-৩-এ দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২০ সেপ্টেম্বর) নৌবাহিনীর ফেসবুক পেজে তার মৃত্যুর তথ্য জানানো হয়। এতে বলা হয়, টমেন খীসার মৃত্যুতে নৌবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘তার আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
টমেন খীসা ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তার পিতার নাম সুবিমল খীসা। জন্ম ১৩ জুন ১৯৮৭। তিনি দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বড় ভাই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাবা-মা জীবিত এবং নিজ এলাকায় বসবাস করছেন।
নিহত টমেন খীসার স্থায়ী ঠিকানা রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকায়। ডাকঘর ও থানা নানিয়ারচর।
পারিবারিক সূত্রে জানা যায়, টমেন খীসা স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রাম নেভি কলোনিতে বসবাস করতেন। তার দুই মেয়ের বয়স ৯ ও ৪ বছর। তারা চট্টগ্রাম নেভি কলোনি স্কুলে যথাক্রমে তৃতীয় শ্রেণি ও প্লে গ্রুপে পড়াশোনা করছে।
স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন টমেন খীসার স্ত্রী। বর্তমানে তিনি চট্টগ্রাম নেভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় টমেন খীসার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও নৌবাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


