পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে আধুনিক কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া পার্বত্য অঞ্চলের কৃষির সম্ভাবনা ও উন্নয়নের কৌশল তুলে ধরে সাচিং প্রু বলেন, দুর্গম পার্বত্য এলাকায় ক্ষতিকর তামাক ও নেশাজাতীয় উদ্ভিদের চাষ পুরোপুরি বন্ধ করা অন্যতম প্রধান লক্ষ্য। এর পাশাপাশি পার্বত্য অঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি বলেন, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের যুগে উৎপাদন বাড়ানোর জন্য প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।

পার্বত্যমন্ত্রী বলেন, দেশে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশের চাষ সম্প্রসারণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি পার্বত্য অঞ্চলের কৃষিকে আধুনিকায়ন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কৃষি মন্ত্রণালয়ের কার্যকর সহযোগিতা কামনা করেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ পার্বত্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, পাহাড়ি ও সমতল-উভয় এলাকার কৃষকদের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।