মিয়ানমারে আটক হওয়া ২০ বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ তাদের নিয়ে চট্টগ্রামের বিএনএস ঈশা খান নৌঘাঁটিতে পৌঁছে। পরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর চট্টগ্রাম সার্কিট হাউসে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যাবাসন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ফেরত নাগরিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, "এই প্রত্যাবাসন সম্মিলিত প্রচেষ্টার সফল উদাহরণ। বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও বলেন, "অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা অনেক সময় দুঃখজনক পরিণতি ডেকে আনে। দেশের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে— সঠিক ও বৈধ উপায়ে বিদেশগমনের চেষ্টা করুন।"
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আটক ২০ জনের বেশিরভাগই কিশোর এবং তাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল অসাধু দালালচক্র। মিয়ানমারে অনুপ্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হন। বাংলাদেশ দূতাবাস নাগরিকত্ব যাচাই করে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
গত দুই বছরে মিয়ানমার থেকে মোট ৩৫২ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ৮৫ জন বাংলাদেশির প্রত্যাবাসন হয়েছিল।

-পার্বত্য সময়