মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্ট মার্টিন–এর ছেঁড়াদ্বীপ–এর দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
অন্যদিকে, রাত আনুমানিক ৩টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একই এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে আরেকটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোটসহ আরও ১০ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


