কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ২১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ৪৪ নটিক্যাল মাইল দূরে এ অভিযান পরিচালিত হয়, যা নৌবাহিনীর সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে, যারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার রাতের দিকে 'এফবি কুলসুমা' নামের একটি ট্রলারে করে ২১৪ রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। মঙ্গলবার দুপুরে ট্রলারটি সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। তখন নৌবাহিনীর 'বানৌজা দুর্জয়' জাহাজের সদস্যরা ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে করে থামার নির্দেশ দেন।
ট্রলারটি পালানোর চেষ্টা করলেও নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তা আটকাতে সক্ষম হন। জিজ্ঞাসাবাদে ট্রলারে থাকা রোহিঙ্গারা জানান, তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন এবং তারা সবাই মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা।
পরে নৌবাহিনী তাদের উদ্ধার করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে নিয়ে যায়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের পরবর্তীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
-পার্বত্য সময়


