চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণকাজ ও ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করার সময় ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের দুই পৃথক স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আটক করা হয়।

উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকা থেকে ১০ জন রোহিঙ্গা শ্রমিককে এবং কেঁওচিয়ার নয়া খালের মুখে সম্রাট ব্রিকফিল্ড এলাকার ইটভাটা থেকে আরও ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে শ্রমিকের কাজ করা মোট ২২ রোহিঙ্গাকে আটক করা সম্ভব হয়।

ইউএনও আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।