বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পর রোহিঙ্গাদের জন্য বড় আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা। 
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ইউএনজিএর একটি সাইড ইভেন্টে এই ঘোষণা দেন। 
এতে বলা হয়েছে, অনুদানের মধ্যে ৭ কোটি ডলার দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২ কোটি ৯০ লাখ ডলার দেবে ইউএসএআইডি। ইউএসএআইডির অনুদানের মধ্য থেকে ৭ কোটি ৮০ লাখ ডলার আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে। এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। সেইসঙ্গে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে। এই অনুদান শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ২৫০ কোটি ডলারের আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২১০ কোটি ডলারই এসেছে বাংলাদেশে। এই অনুদানের ১৩০ কোটি সরাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে। 
বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা দিতেও যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

-পার্বত্য সময়