সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত একটি জাহাজ তাদের আটক করে।
নৌবাহিনীর মিডিয়া উইং জানায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌযানটিতে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশুকে পাওয়া যায়, যারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে নৌবাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।


