সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফে ২৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিন পাচারকারীকে গ্রেপ্তার ও পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সৈকত এলাকায় এ অভিযান চালায় টেকনাফ-২ বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের মহেশখালীয়া পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. সলিম (৩৫), মজিবুর রহমানের ছেলে মো. নুরুল আবছার (১৯) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের করিমুল্লাহর ছেলে মনসুর আলম (২২)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মানবপাচারকারী চক্র সাগরপথে মালয়েশিয়াগামী একটি নৌযানে রোহিঙ্গাদের তোলার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে ২৯ রোহিঙ্গাকে উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাগরপথে মালয়েশিয়া গমনচেষ্টা আবারও বেড়েছে। সুযোগ বুঝে মানবপাচার চক্র আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে।