বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলো রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তাইতংপাড়া এলাকার থুইনুমং মারমার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবান জেলার রুমা উপজেলার টপাগই পাড়া এলাকার মংক্যাচিং মারমার ছেলে গরাইমং মারমা (৩০) এবং বান্দরবান জেলার রুমা উপজেলার সোনাইছড়ি নয়া পাড়া এলাকার মেউ মারমার ছেলে হলাচিং থোয়াই মার্মা (২৪)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে তিনজন মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সীমান্ত থেকে আটক তিনজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্য আটক করেছে বিজিবি। তাদের নাইক্ষ্যংছড়ি থানা হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ব্যাটারিয়ন (৩৪ বিজিবি) অধিনয়ক লে: খায়রুল আলম বলেন, গত এক বছর পূর্বে তারা মিয়ানমারের আরাকান রাজ্যে গিয়ে আরাকান আর্মির ট্রেনিং নিয়েছে। তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি ছিল। তারা দেশে ফেরার পথে বিজিবি তাদের গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে।


