চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। দালালের সহায়তায় ভাসানচর থেকে পালিয়ে তারা আনোয়ারায় আসে। আটককৃতদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ এবং একাধিক শিশু রয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুধকুমড়া এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়। পরে কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটক রোহিঙ্গারা জানায়, দুই দিন আগে স্থানীয় এক দালাল সাতটি পরিবারের কাছ থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নেয়। ওই দালালের সহায়তায় তারা ট্রলারযোগে ভাসানচর থেকে পালিয়ে আনোয়ারায় আসে। পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল তারা।
নৌবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. আলমগীর রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী আটক ৩১ রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-পার্বত্য সময়