বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারত ও মিয়ানমারের ৩২৬ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ভারতের ৯ জন এবং মিয়ানমারের ৩১৭ জন নাগরিক রয়েছে।
একই অভিযানে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আরও ১১২ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮২ জন বাংলাদেশিকেও আটক করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মার্চ মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব আটক ও জব্দের ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), একটি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গুলি, দুটি মাইনসহ অন্যান্য অস্ত্রও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


