কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি ও বাংলাদেশি রাজনৈতিক নেতারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা দুই দলে ভাগ হয়ে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন।
পরিদর্শনে অংশগ্রহণকারীরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ ও দুর্দশা শুনেন। বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প ৪-এ অবস্থিত জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ই-ভাউচার বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে গিয়ে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রমের অবস্থা দেখেন।
পরিদর্শনের অংশ হিসেবে তারা রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রেও যান এবং দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলাপচারিতা করেন। দুপুরে পরিদর্শন শেষ করে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধি এবং অংশগ্রহণকারীরা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে বিষয়গুলো সরাসরি অনুধাবন করেন। রোববার থেকে কক্সবাজারে অনুষ্ঠিত এই তিন দিনের সম্মেলনটির নাম ছিল ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’।

-পার্বত্য সময়