সাগরপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টাকালে কক্সবাজারের সেন্ট মার্টিন দক্ষিণ–পূর্ব সমুদ্র এলাকা থেকে ৯ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক ট্রলার থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালীর নূর হোসেন, কুমিল্লার নাঙ্গলকোটের নিজাম উদ্দীন, বড়ুড়ার মানিক হোসেন, ভোলার চরফ্যাশনের মো. জামাল, দক্ষিণ আইচের মো. শামিম, অনুমদ্দিন এলাকার মো. ফারুক, লেত্রা এলাকার মো. সবুজ, মনপুরার আল আমিন ও মো. আহসান। তারা একটি ফিশিং ট্রলারে করে সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করছিল বলে কোস্ট গার্ড জানিয়েছে।

অভিযান চলাকালে ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা। কোস্ট গার্ড কর্মকর্তার তথ্য অনুযায়ী, মাদকদ্রব্যের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট মিয়ানমারে পাচার করার একটি সক্রিয় নেটওয়ার্ক চোরাকারবারিরা পরিচালনা করছে। জব্দ করা ট্রলার, সিমেন্ট ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানায়, সমুদ্রপথে সীমান্তবর্তী অঞ্চলে পাচারচক্রের তৎপরতা দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।