দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখা।
চিঠিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হবে। বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে মোট ছয়টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো— ভবিষ্যতে জাতীয় বেতন স্কেল পরিবর্তন হলে এই ভাতা নতুন স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে। তবে এই ভাতা বৃদ্ধির জন্য শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাবেন না।
এর আগে শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। তারা সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ বাড়িভাড়া আগেই প্রত্যাখ্যান করেছেন।
রোববার ছিল তাদের আন্দোলনের অষ্টম দিন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা অনশন কর্মসূচি পালন করছেন।
কয়েক দিন আগে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তখন জানান, সরকার বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) নির্ধারণের পরিকল্পনা করেছে। তবে শিক্ষক-কর্মচারীরা সে প্রস্তাব গ্রহণ করতে রাজি নন বলে জানান।


