কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৪তম দফায় স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা।
সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতে উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা গণমাধ্যমে বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছার পর এসব রোহিঙ্গাদের জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে পাঠানো হবে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এটা ২৪তম ভাসানচরে রোহিঙ্গাদের যাত্রা। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম এক হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছেন।
এর আগে ২২ দফায় গেছেন ৩২ হাজার রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেন।
-পার্বত্য সময়


