মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫২ জন রোহিঙ্গাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার দুপুরে টেকনাফ থানা থেকে আটক রোহিঙ্গাদের কক্সবাজার আদালতে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি মোট ৫৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে নাফ নদীতে মাছ আহরণে যাওয়া দুই বাংলাদেশি নাগরিকসহ চারজনকে নিরীহ বিবেচনায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, অবশিষ্ট ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত ৫২ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে বিকেলে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে সীমান্ত পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে টেকনাফ সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে চলাচলের জন্য বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।