প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৫৬ জন চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ। তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন।
সোমবার (১৮ নভেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে আসা মিয়ানমারের এই নাগরিকদের মধ্যে অন্তত ২১ নারী ও শিশু রয়েছে।
অনুপ্রবেশকারীদের কয়েকজন জানান, ১০ মাসের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘাত-লড়াই চলছে। ইতিমধ্যে রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা আরাকান আর্মি দখল করে নিয়েছে। দুই পক্ষের গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও যুদ্ধবিমান থেকে ছোড়া মর্টার শেল ও গ্রেনেডে বেশ কিছু বসতি ধ্বংস হয়ে গেছে। প্রাণ বাঁচাতে তারা স্থলপথে নাইক্ষ্যংছড়ি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাখাইন রাজ্যের পাহাড়ে তারা জুমচাষ করে জীবিকা নির্বাহ করতেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন গণমাধ্যমকে বলেন, রাখাইন রাজ্যের সংঘাতে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে তাঁরা বাংলাদেশে পালিয়ে এসেছেন।

-পার্বত্য সময়