সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একটি মাছ ধরার ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।
আটক বাংলাদেশি জেলেরা হলেন সেন্টমার্টিনের মাঝেরপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে নুর মোহাম্মদ, মোহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ নুর, নুরুল ইসলামের ছেলে নুরুল আলম, টেকনাফের বাহারছড়া শামলাপুর বাইন্নাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে হাবিবউল্লাহ এবং তার ১০ বছর বয়সী ছেলে মোহাম্মদ ইব্রাহীম। অপর একজন আটক ব্যক্তি রোহিঙ্গা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যে এ ঘটনার কথা জানানো হয়। সেখানে দাবি করা হয়, একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার মিয়ানমারের জলসীমা অতিক্রম করে মাছ শিকার করছিল। এ সময় ২২ ডিসেম্বর ভোরে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটি আটক করে জেলেদের নিজেদের হেফাজতে নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, আটক জেলেদের বিরুদ্ধে আরাকান আর্মির কোস্টাল আইনের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ঘটনার কথা শোনার পর কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করেছিলেন কি না- সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


