টেকনাফে ড্রোনের সহায়তায় অভিযান চালিয়ে ৬ জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার এবং এক মানবপাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকার হলিউড পাহাড়ে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ড্রোনের মাধ্যমে এলাকাটি শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে ৬ জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করা হয় এবং মানবপাচারকারী এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানের সময় মানবপাচারকারীদের আস্তানা থেকে ৪টি একনালা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করে বিজিবি। পরে ওই আস্তানা ধ্বংস করে দেওয়া হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।