মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনার ১২৩ সদস্যকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। 
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে ৮৫ বাংলাদেশি কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে ফিরেন। অন্যদিকে তাদের নিয়ে আসা জাহাজে ফেরত যাচ্ছেন বিজিপি ও সেনা সদস্যরা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আতাউল গণি ওসমানী বলেন, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তায় মিয়ানমারের বিজিপি এবং সেনার ১২৩ সদস্যকে বাসে করে নিয়ে আসা হয় নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে। তখন ঘাটটিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরা বাংলাদেশিদের।
পুরো হস্তান্তর প্রক্রিয়ায় ছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিয়ানমারের কর্মকর্তারা।

-পার্বত্য সময়