মিয়ানমারের সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার চলমান সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে আবারও রোহিঙ্গা ঢল নেমেছে বাংলাদেশের দিকে। সম্প্রতি আরও ৮ হাজার রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের শরণার্থী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমাদের কাছে তথ্য রয়েছে আট হাজারের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন৷ তাদের অধিকাংশই গত দুইমাসে এসেছেন৷''
‘‘বাংলাদেশ ইতোমধ্যে বাড়তি বোঝা বহন করছে এবং আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার মতো অবস্থায় নেই,'' বলেন তিনি৷ 
গত কয়েকমাসে কতজন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন তার সঠিক কোনো তথ্য এর আগে প্রকাশ করেনি বাংলাদেশ সরকার৷
রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানালেও তার সরকারের নতুন করে আরো শরণার্থীকে মানবিক আশ্রয় দেয়ার সামর্থ্য নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘‘সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়া সম্ভব নয়৷'' তবে এরকম অনুপ্রবেশ রুখতে বাড়তি উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
গত ২৫ আগস্ট মিয়ানমারে সামরিক অভিযান থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গার বাংলাদেশে চলে আসার সপ্তম বর্ষপূর্তিতে বিভিন্ন শিবিরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন রোহিঙ্গা শরণার্থীরা৷ তারা রাখাইনে সহিংসতা বন্ধ করে তাদের ফিরে যাওয়ার পথ নিরাপদ করার আহ্বান জানান৷ 
২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গারা মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ দমনপীড়নের মুখে পড়েছিলেন৷ জাতিসংঘ সেই ঘটনা গণহত্যার অভিপ্রায়ে ঘটানো হয়েছিল বলে বর্ণনা করেছে৷

-পার্বত্য সময়