বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ জুন নয়াদিল্লিতে শুরু হবে। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত।

সোমবার (১ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। এতে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ প্রতিরোধ, অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।