বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন নয়াদিল্লিতে শুরু হচ্ছে আজ। সোমবার (৮ জুন) শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত।
এর আগে, গত ১ জুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
এই সম্মেলনে প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।
অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। এতে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ প্রতিরোধ, অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা এবং সামগ্রিক সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।


