জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট।
এ অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি দেশের ভোট পেয়ে জয়ী হন।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ভোটে এই বিজয়ের মাধ্যমে আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান।
এই সাফল্যের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি।
এর আগে, ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী।
চার দশক পর আবারও জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিজয় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও সক্রিয় কূটনৈতিক ভূমিকারও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে নির্বাচিত হন। এ নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোটাধিকার থাকে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী সভাপতি নির্বাচিত হন।


