বাংলাদেশ ও জার্মানি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হারমানের সৌজন্য সাক্ষাতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। তারা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ফ্রাঙ্ক হারমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক অন্যান্য খাতে সহযোগিতার পথ আরও সুগম করতে পারে।

শামা ওবায়েদ বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী ও টেকসই আন্তর্জাতিক মনোযোগ ও সমর্থনের প্রয়োজনীয়তার ওপর পুনরায় জোর দেন।

বৈঠকে ক্রমবর্ধমান অংশীদারিত্বে নতুন গতি আনতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপাক্ষিক সংলাপ জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ সময় জার্মান কর্মকর্তা ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।