বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ চুপ করে থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির।
সোমবার (১১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে।
তিনি আরও বলেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চাইলে ভারত সরকারকে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে আরও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে।
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার-পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার প্রেক্ষিতে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নির্বাচনী বক্তব্য ও রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের রাজনৈতিক বক্তব্যকে বাস্তব নীতিতে রূপ দেয় কি না, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করবে।
তিনি আরও বলেন, ‘আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চাই না। আমাদের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’


