মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আঞ্চলিক জোট আসিয়ানের ভূমিকা আরও শক্তিশালী ও কার্যকর হওয়া জরুরি।

পররাষ্ট্র সচিব বৈঠকে অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এ অঞ্চলের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে।

এর আগে, পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অংশীদারত্বের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ মনে করে, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা হলে রোহিঙ্গা সংকটের সমাধান এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।