ভারত থেকে বাংলাদেশে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানো বা ‘পুশ ইন’ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আলোচনায় পুশ ইন না করার বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেলেও বাস্তবে তার প্রতিফলন দেখতে চায় বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনোভাবেই আমরা এটা মেনে নেব না যে পুশ ইন করা হবে। যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’
তিনি জানান, আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, পুশ ইনসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সীমান্তে পুশ ইন প্রতিহত করতে বিজিবি ইতোমধ্যে কয়েকটি স্থানে কঠোর ভূমিকা নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের চেষ্টা প্রতিহত করা অব্যাহত থাকবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া অবৈধ নাগরিকদের তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পর্কে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এমন তালিকা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করবে বলে তিনি জানান।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে অস্থিরতার শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বিজিবি–বিএসএফ বৈঠকে এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে এবং দুই দেশের বিদ্যমান চুক্তির পরিপন্থী কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তিনি।


