যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ এর নীতিগত বিরোধী সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধনে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে।

বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে আসন্ন বার্ষিক বৈঠক প্রসঙ্গে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এই সংলাপে মাদকপাচার রোধ ও সীমান্ত নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় তোলা হবে।