যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাতিলের পক্ষে নয় সরকার, বরং এটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (আজ) সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করার সুযোগ থাকলেও সরকার তাৎক্ষণিকভাবে বাতিলের পথে যাচ্ছে না। বরং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে শর্ত সংশোধন বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

জাহেদ উর রহমান বলেন, ‘চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাতিল করলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক ও পারস্পরিক শুল্ক সুবিধায় প্রভাব পড়তে পারে। তাই আগে চুক্তিটি পর্যালোচনা করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, সরকার মনে করছে যেসব শর্ত রাষ্ট্রের জন্য সমস্যাজনক বা ক্ষতিকর হতে পারে, সেগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

প্রসঙ্গত, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি’ গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়, জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে। এরপর থেকেই চুক্তিটি নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন উপস্থিত ছিলেন।