পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।

আজ বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

এর মাধ্যমে ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী এভারেস্টের শিখরে উঠলেন। এর আগে ২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যাত্রা শুরু করেন নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। দীর্ঘ প্রস্তুতি ও উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর ১৭ মে চূড়ান্ত অভিযানে বের হন তিনি। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় সফল হন এই বাংলাদেশি অভিযাত্রী।

নেপাল সময় আজ সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান নুরুন্নাহার নিম্নি। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা গাইড।

রংপুরে বেড়ে ওঠা নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে।

বিশ্ববিদ্যালয়জীবনে পাহাড়ের প্রতি আগ্রহ থেকেই শুরু হয় তার অভিযাত্রা। পরে ভুটান, ভারতের সিকিম ও নেপালের বিভিন্ন অঞ্চলে ট্রেকিং করেন তিনি। ২০২০ সালে এভারেস্ট বেজক্যাম্প ট্রেকের অভিজ্ঞতা তাকে পেশাদার পর্বতারোহণে অনুপ্রাণিত করে। ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন তিনি।

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম ২০১০ সালে এভারেস্ট শিখরে ওঠেন। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের মতো অভিযাত্রীরা বাংলাদেশের পতাকা বহন করেন বিশ্বের সর্বোচ্চ শিখরে। সর্বশেষ ২০২৫ সালে এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান শাকিল।