রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর কূটনীতিকরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান।
ওআইসি সদস্য দেশগুলো বাংলাদেশকে বিভিন্ন খাতে—বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ—সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত/হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরাও অংশ নেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান উপস্থিত ছিলেন।


