প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ বিষয়ে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে বলে মনে করেন জাহেদ উর রহমান। বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, একটি এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।
এর আগে, সোমবার (১৮ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।
এদিন সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।


