বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১৩ মে) সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধানের সঙ্গে এটিই ছিল ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ সময় তিনি জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৫ সালের ডিসেম্বরে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন।

ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক বলেন, বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ২০২৪ সালের জুলাই থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার ভূমিকারও প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎ শেষে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।