বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতকালে এ প্রশংসা করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন।


