কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনার সময় এটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে এপিবিএন।

এপিবিএন জানায়, ক্যাম্প–১৫-এর এইচ/১ ব্লকের ইটের সলিং সড়ক ও ব্র্যাক লার্নিং সেন্টারের উত্তর–পশ্চিম পাশের এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্ধকারের সুযোগে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে সাদা গেঞ্জি দিয়ে মোড়ানো অবস্থায় ওয়ান শুটারগানটি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে আলামত জব্দ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।