বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য অবকাঠামো উন্নয়ন ও মৌলিক সেবা নিশ্চিত করতে ১,০৫৮ কোটি টাকার (প্রায় ৯৬ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৪ জুন) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির অর্থায়নের মধ্যে ৭১৫ কোটি টাকা অনুদান এবং বাকি ৩৪৩ কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে বরাদ্দ দেওয়া হবে। এই সহায়তা প্রদান করা হচ্ছে এডিবির দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত Asian Development Fund (ADF) থেকে।

এই প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে ‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’, যার মাধ্যমে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, রাস্তা-সেতু, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, নিষ্কাশন ব্যবস্থাপনা এবং দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করা হবে।

প্রকল্পটি মূলত কক্সবাজার ও ভাসানচর এলাকার রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়দের জন্য নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে। একইসঙ্গে সরকারের প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা জোরদারে সহায়তা দেবে এডিবি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং বলেন, “মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও স্থানীয়দের সঙ্গে সামাজিক সংহতি বৃদ্ধিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরও জানান, “নতুন এই সহায়তা পূর্ববর্তী কর্মসূচির ধারাবাহিকতা। এর আগে ২০১৮ সাল থেকে জরুরি সহায়তা প্রকল্প ও অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে মোট ১৭১.৪ মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ১.৫ মিলিয়নের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের একটি বড় অংশ কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে এবং বাকিরা ভাসানচরে অবস্থান করছে।