‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন- দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সভায় পার্বত্য উপদেষ্টা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই এই গণভোটের মাধ্যমে জনগণের দাবিগুলো তুলে ধরা হয়েছে। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মধ্য দিয়ে দেশের পরিবর্তনের পথে জনগণ ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নাগরিকরা তাদের মুক্ত মতামত প্রকাশের সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণভোটকে উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। এ সময় তিনি উপস্থিত সকলকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং খাগড়াছড়ি জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।