বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (আটাব) জানিয়েছে, সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়ম বাস্তবায়নের ফলে সৌদি আরবগামী উড়োজাহাজের টিকিটের ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে।
আটাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল। গ্রুপ বুকিং স্কিমের কারণে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের নজরদারির ফলে এ ভাড়া উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বর্তমানে টিকিটের মূল্য ৪৮ থেকে ৫০ হাজার টাকার মধ্যে রয়েছে। এমনকি কিছু এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে টিকিটের দাম ৩৫ হাজার টাকায় নামিয়েছে।
বাজার শৃঙ্খলা বজায় রাখতে ও অতিরিক্ত বিমান ভাড়া রোধ করতে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি নতুন নিয়ম চালু করে। নতুন নীতিমালার আওতায় জেদ্দা, মদিনা, দাম্মাম ও রিয়াদগামী টিকিটের দাম স্বচ্ছ রাখা এবং কৃত্রিমভাবে সৃষ্ট উচ্চমূল্য প্রতিরোধের জন্য নির্দেশনা দেওয়া হয়।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টিকিট বুকিংয়ের জন্য যাত্রীর নাম, পাসপোর্ট বিবরণ ও পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।
এ নির্দেশনার ফলে, এয়ারলাইনসগুলো তাদের ব্লক করা টিকিট বাজারে ছেড়ে দিয়েছে, যা আসনের প্রাপ্যতা বাড়িয়েছে এবং টিকিটের মূল্য কমিয়ে এনেছে। পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধির কারণে টিকিটের মূল্য আরও সাশ্রয়ী হয়েছে।
আটাবের বিবৃতিতে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের জন্য, যারা সাশ্রয়ী মূল্যের বিমানের ওপর নির্ভরশীল।
আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বাসস-কে বলেন, “এই উদ্যোগ শুধু যাত্রীদেরই নয়, বরং পুরো ভ্রমণ শিল্পের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, এয়ারলাইনসগুলো যাতে আগের চর্চায় ফিরে না যায়, সেজন্য কঠোর পর্যবেক্ষণ ও নিয়মকানুন প্রয়োগ অব্যাহত রাখতে হবে।
ভবিষ্যতে বাজারের ভারসাম্য বজায় রাখতে এবং যাত্রীদের বাড়তি খরচ থেকে রক্ষা করতে অতিরিক্ত আইন ও বিধিমালা প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে।
আটাব তাদের বিবৃতিতে বিমানের টিকিট মূল্য নির্ধারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাসরিন জাহানের ভূমিকার প্রশংসা করেছে।
এর আগে, চলতি বছরের ২৬ জানুয়ারি আটাব এক সংবাদ সম্মেলনে টিকিটের ক্রমবর্ধমান মূল্য ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।
-পার্বত্য সময়


