বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজ রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এসময় আদালত হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।
জামায়াতের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।
এর আগে, গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পেতে করা আপিলের শুনানি সম্পন্ন হয়। সেই শুনানির পর রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

-পার্বত্য সময়