কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ সাত রোহিঙ্গা জেলেকে আটক করেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে নুর মোহাম্মদ বলেন, “সেন্টমার্টিনের দক্ষিণে সীতা নামের স্থানে আমরা মাছ ধরছিলাম। হঠাৎ দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে কিছু ট্রলার পালাতে সক্ষম হয়। তবে নুরুল কায়সারের মালিকানাধীন একটি ট্রলার আটকে দেওয়া হয়। সেখানে সাতজন রোহিঙ্গা জেলে ছিল।”
তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় সীমান্ত সঠিকভাবে চিহ্নিত করা অনেক সময় সম্ভব হয় না। এর ফলে ভুলবশত জেলেদের নৌযান মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে।
ট্রলার মালিক নুরুল কায়সার বলেন, তার ট্রলারটির বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। অস্ত্রের মুখে তার সাতজন জেলেসহ ট্রলারটি নিয়ে গেছে আরাকান আর্মি। তিনি দ্রুত জেলেদের ফেরত আনার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা খবর পেয়েছি—সেন্টমার্টিনের অদূরে সমুদ্র থেকে নতুন করে সাত জেলেকে ট্রলারসহ আটক করেছে আরাকান আর্মি।”
এর আগে চলতি আগস্ট মাসের শুরুর দিকেও নাফ নদী থেকে সাতটি ট্রলারসহ ৪৯ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তবে তাদের কাউকেই এখনো মুক্তি দেওয়া হয়নি।
-সূত্র- জাগো নিউজ


