কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শাহপরীর দ্বীপের বিপরীত দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর অংশ থেকে তাদের আটক করা হয়। প্রায় দেড় বছর ধরে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নৌকার মালিক আব্দুর রহমান (৩৮), তার ভাই আবুল কালাম (৪০), একই এলাকার শফি আলম (১৯) এবং মনির আহমদ নামে একজন রোহিঙ্গা জেলে।

আরাকান আর্মির নিয়ন্ত্রিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ নামের একটি ওয়েব ও ফেসবুক পেজে ওই চার জেলে ও নৌকার ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, বাংলাদেশি জেলেরা জলসীমা লঙ্ঘন করার কারণে তাদের আটক করা হয়েছে।

সাবরাং ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, জেলেদের কাছ থেকে খবর পেয়েছি যে জালিয়া পাড়ার চার জেলেকে নৌকাসহ আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

জেলে সমিতির সভাপতি আব্দুল গণি জানান, সোমবার সকালে আব্দুর রহমানের নৌকা মাছ ধরতে যায়। বিকালে ফেরার পথে আরাকান আর্মির টহলদল নৌকাটিকে ধাওয়া করে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।