কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে অস্ত্রসহ এক বাংলাদেশি নাগরিক আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে ওই যুবক বাংলাদেশে প্রবেশ করে। আটকের সময় তার কাছ থেকে একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, আটককৃত ব্যক্তি জীবন তঞ্চঙ্গ্যা (২১), যিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনবনিয়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন জানান, আরাকান আর্মির প্রায় ৩০০ সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে যেকোনো সময় অস্ত্রসহ বাংলাদেশে আত্মসমর্পণ করতে পারেন। এর পর সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে তিনি অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন।
বর্তমানে তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, রোববার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে দীর্ঘসময় ধরে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, অনেক দিন পর সীমান্তের ওপারে এই ধরনের গোলাগুলি শোনা গেছে, যা এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজিবি জানিয়েছে, এ ধরণের ঘটনা পরবর্তীতে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
-পার্বত্য সময়


