মিয়ানমারে আটকে রাখা বাংলাদেশি তিনটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। ৩ দিন পর তারা আজ সোমবার (২০ জানুয়ারি) জাহাজগুলো ছেড়ে দেয়।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।
মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনটি কার্গো আটক করা হয়েছিল। এতেশামুল হক বলেছেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মিটিংয়ে বসেছেন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার দুটি করে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি কার্গো জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে আসার পথে আরাকান আর্মি আটক করে। এরমধ্যে আরাকান আর্মির সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে শনিবার একটি কাঠবাহী কার্গো বন্দরে আসে। সোমবার বাকি তিনটি ছেড়ে দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, কার্গো জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি এবং কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে।
-পার্বত্য সময়


